
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে ‘রাইস ব্রিডিং এ্যান্ড সিড টেকনোলজি’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করছেন কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ। মঞ্চে উপবিষ্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হামিদুর রহমান, চায়না ন্যাশনাল সিড গ্রুপ কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট বিংচুয়ান তিয়ান (Bingchuan Tian) এবং বিএডিসি’র চেয়ারম্যান মো. নাসিরুজ্জামানসহ বিএডিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র সদর দপ্তর দিলকুশাস্থ কৃষি ভবনে আজ ৬ ডিসেম্বর (বুধবার) ‘রাইস ব্রিডিং এ্যান্ড সিড টেকনোলজি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের উদ্বোধন করেন কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ। বিএডিসি, চায়না ন্যাশনাল সিড গ্রুপ কোম্পানি লিমিটেড ও গোল্ডেন বার্ন কিংডম প্রাইভেট লিমিটেড যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
বিএডিসি’র চেয়ারম্যান মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হামিদুর রহমান, চায়না ন্যাশনাল সিড গ্রুপ কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট বিংচুয়ান তিয়ান (Bingchuan Tian)। সেমিনারে স্বাগত বক্তব্য দেন চায়না ন্যাশনাল সিড গ্রুপ কোম্পানির বাংলাদেশি কো-পার্টনার গোল্ডেন বার্ন কিংডম প্রাইভেট লি.-এর ব্যবস্থাপনা পরিচালক শাহদাব আকবর। সেমিনারে বিএডিসি’র সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) মো. মনোয়ারুল ইসলাম, সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. মাহমুদ হোসেন, সদস্য পরিচালক (অর্থ) মোহাম্মদ মাহফুজুল হক, নিয়ন্ত্রক (অডিট) ড. মোয়াজ্জেম হোসেনসহ কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, চায়না ন্যাশনাল সিড গ্রুপ কোম্পানি লিমিটেডের কর্মকর্তাসহ বিএডিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষি সচিব বলেন, বীজ হচ্ছে কৃষির মুখ্য উপাদান। বিএডিসি বাংলাদেশে বীজ উৎপাদনে অনন্য ভূমিকা রেখে চলেছে। আমাদের কৃষি জমি কমছে কিন্তু মানুষ বাড়ছে। এ বিপরীত ধারায় খাদ্যের চাহিদা পূরণে আমাদের উৎপাদন বাড়াতে হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রতিকূলতা সহিষ্ণু জাতের হাইব্রিড বীজ উৎপাদন করতে হবে।
উল্লেখ্য, কৃষির উৎপাদন বাড়াতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং চায়না ন্যাশনাল সিড গ্রুপ কোম্পানি লি.-এর যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি প্রায়োগিক গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে। গত ৫ ডিসেম্বর বিএডিসিতে এ বিষয়ে দু’পক্ষের মধ্যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে স্বাক্ষর করেন বিএডিসি’র চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান এবং চায়না ন্যাশনাল সিড গ্রুপ কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট বিংচুয়ান তিয়ান।
এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশের কৃষিকেও নানারকম ঝুঁকি ও হুমকির মুখে ফেলেছে। খরা, লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। প্রায়োগিক গবেষণা কেন্দ্রটি এসব ঝুঁকি মোকাবেলার জন্য ধানসহ বিভিন্ন ফসলের উপযুক্ত জাত উদ্ভাবনে ভূমিকা রাখবে। প্রায়োগিক গবেষণা কেন্দ্রে স্থানীয় জাতের ধান যেমন- বালাম, কালজিরা, চিনিগুড়া ইত্যাদির সুগন্ধি যথাযথ বজায় রেখে হাইব্রিড বীজ উৎপাদন করা হবে। বিএডিসি’র চেয়ারম্যান বলেন, বাংলাদেশের কৃষি উন্নয়ন এবং দেশের স্থিতিশীল খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে এই প্রায়োগিক গবেষণা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

