নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ বিএনপির ১৪৭ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনের একটি মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি।
মঙ্গলবার মামলাটিতে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম নুর নবী আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে ১০ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য নতুন দিন ধার্য করেন।
রিজভীর আইনজীবী জয়নুল আবেদীন মেজবা জানান, মঙ্গলবার মামলাটিতে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। এজন্য সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করা হয়। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে সাক্ষ্য গ্রহণের জন্য ১০ জানুয়ারি দিন ঠিক করেছেন।গত ১০ মার্চ মামলার বাদী ডিবির এসআই জাহাঙ্গীরের আংশিক সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
মামলার উল্লেখ্যযোগ্য অপর আসামিরা হলেন-আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান।
২০১৩ সালের ১১ মার্চ বেলা ৩টার দিকে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচি চলাকালে তারা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তার উপর, টপ কালেকশনের গলি ও নয়াপল্টন মসজিদ গলির সামনের রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়ি ভাঙচুর করা হয়। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে।

