নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ নেতা-কর্মীর বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ হয়নি।পল্টন থানার নাশকতার মামলায় রোববার ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজ সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৫ এপ্রিল সাক্ষ্যের জন্য দিন ধার্য করেছেন।
মির্জা ফখরুলের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, ‘পল্টন থানার একটি মামলায় রোববার মির্জা ফখরুলসহ ৭৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। শারীরিক অসুস্থতার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতে হাজির হতে পারেননি। এজন্য আমরা সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করি। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে সাক্ষ্য গ্রহণের জন্য ৫ এপ্রিল পরবর্তী তারিখ ঠিক করেছেন।’
গত ২০ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে ফকিরাপুল হতে পল্টনের ভিআইপি রোডস্থ এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় নেতা-কর্মীরা। ওই ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন।
২০১৪ সালের ২৮ জুলাই পল্টন থানার এসআই আবু জাফর মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

