নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘সম্প্রতি শেখ হাসিনার বিমানে ত্রুটি নিছক কোনো ত্রুটি নয়। এটা ষড়যন্ত্রের একটা অংশ হতে পারে।’
তিনি আরো বলেন, ‘এটি খতিয়ে দেখা হচ্ছে। জড়িত সন্দেহে এরই মধ্যে ছয় কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমেই পুরো বিষয়টি বেরিয়ে আসবে। জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।’
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত বিশ্বের সকল সংখ্যালঘুদের ওপর নির্মম নির্যাতনের প্রতিবাদে এক মানববন্ধন তিনি এ কথা বলেন।
চন্দ্রিমা উদ্যানে মাজারে আদৌ জিয়ার লাশ আছে কি না পরীক্ষার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘পরীক্ষার পর যদি দেখা যায় সেখানে জিয়ার লাশ নেই বা কোনো লাশই না থাকে, তাহলে সেখানে মাজার রাখার প্রশ্নই আসে না।’
এ সময় তিনি আরো বলেন, ‘সংসদ ভবন এরিয়ায় কোনো মাজার রাখা হবে না। শুধু জিয়ার মাজার নয়। লুই আই কানের পুরনো নকশা অনুযায়ী সংসদ ভবন এলাকা সংরক্ষণ করা হবে। কাজেই যেহেতু জিয়ার মাজার নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে তাই এটি সরকারকে পরীক্ষার আহ্বান জানাচ্ছি। সেখানে কোনো লাশ না থাকলে মাজার উঠিয়ে দেওয়া হবে। এ নিয়ে কোনো প্রশ্ন থাকবে না।’
মানববন্ধনে মিয়ানমারসহ বিশ্বে যেসব সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানো হচ্ছে, তা বন্ধ চান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতারা।

