নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ষড়যন্ত্রকারীদের অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
সংগঠনের নেতারা বলেন, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো বিএনপি-জামায়াতের মদদপুষ্ট পাকিস্তানপন্থি কর্মকর্তা আছেন। তারাই বারবার প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা চালিয়ে যাচ্ছেন। গোয়েন্দাদের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে সংগঠনের নেতারা এ কথা বলেন।
সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম বলেন, শেখ হাসিনাকে এর আগে ১৯ বার হত্যা চেষ্টা চালানো হয়েছে। আল্লাহর রহমতে তিনি বারবার বেঁচে গেছেন। বঙ্গবন্ধু কন্যার ওপর বারবার আঘাত এসেছে, প্রতিবারই তিনি বেঁচে গেছেন। কিন্তু অনেক নেতা-কর্মীই প্রাণ দিয়েছেন। একুশ আগস্ট গ্রেনেড হামলার বিচার এখনো হয়নি। এমন অনেক হামলাকারীদের বিচার হয়নি বাংলার মাটিতে। ওই হামলাকারীরাই এখনো শেখ হাসিনাকে হত্যা করার জন্য নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। তা নাহলে উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে।
সংগঠনের সেক্রেটারি ইনসুর আলী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিশ্চিহ্ন করার জন্য নানা ষড়যন্ত্র হয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করা হয়েছে অনেক প্রাণের বিনিময়ে। যারা বিমানে ষড়যন্ত্র করেছিল তাদের এই মুহূর্তে খুঁজে বের করার দাবি জানান তিনি।

