নিজস্ব প্রতিবেদক : নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের বাংলাদেশে আশ্রয় দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ওপর কী হচ্ছে? এত অত্যাচার-নির্যাতন কখনো শুনিনি। মাননীয় প্রধানমন্ত্রী, রোহিঙ্গাদের আশ্রয় দিন, তাদের বাঁচান। দেশের ১৭ কোটি মানুষের সঙ্গে ৫০ লাখ বাড়বে তাতে কোনো সমস্যা হবে না।’
সোমবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলে জাতীয় পার্টির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এভাবেই অনুরোধ জানান এরশাদ।
গতকাল প্রধানমন্ত্রীর সফরকালে বিমান খারাপ হওয়ার ঘটনায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন এরশাদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর বিমান খারাপ হয় কখনো শুনিনি। দুর্নীতির কারণে এটি হয়েছে।’
তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বিমান খারাপ হতে পারে না। আপনি আমাদের প্রতীক, স্বাধীনতার প্রতীক। এভাবে দেশ চলতে পারে না।’
জাতীয় পার্টি ক্ষমতায় যেতে প্রস্তুত জানিয়ে এরশাদ বলেন, ‘দেশে এখন জাতীয় পার্টি ছাড়া আর কোনো দল মাঠে নেই। আমাদের লক্ষ্য একটাই- ক্ষমতায় যেতে চাই। সে জন্য আমরা মাঠে আছি, তোমাদের ভালোবাসা নিয়ে আমরা ক্ষমতায় যাব।’ তিনি নেতা-কর্মীদের সুসংগঠিত হয়ে দলকে শক্তিশালী করার আহ্বান জানান।
১ জানুয়ারি দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি নিতে জাতীয় পার্টি এ যৌথ সভার আয়োজন করে।
সভায় বক্তব্য রাখেন দলের কো-চেয়ারম্যান ও বিরোধী দলের নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা, অধ্যাপক দেলোয়ার হোসেন, এস এম ফয়সল চিশতী, আবু হোসেন বাবলা, হাফিজ উদ্দিন, এমপি শওকত চৌধুরী, আব্দুস সাত্তার মিয়া, এহয়া চৌধুরী এমপি, মুজিবুর রহমান সেন্টু, গোলাম মোস্তফা, মহিলা পার্টির সেক্রেটারি অনন্যা হোসেন মৌসুমী, যুব সংহতির আলমগীর সিকদার লোটন প্রমুখ।

