নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের সমস্যা সমাধানে ভূমিকা রাখার জন্য সর্বদলীয় বৈঠক করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত ‘রোহিঙ্গাদের হত্যা বন্ধের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি’তে তিনি এ আহ্বান জানান।
আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘মিয়ানমারের সমস্যা সমাধানে ভূমিকা রাখার জন্য সর্বদলীয় বৈঠক ডাকুন। রাজনৈতিক নেতাদের কাছ থেকে পরামর্শ নিন কীভাবে সমস্যা সমাধান করা যায়।’
নোমান বলেন, ‘রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়ে বাংলাদেশ সরকার কূটনৈতিক পর্যায়ে জোরদার বক্তব্য তুলে ধরতে পারেননি। বাংলাদেশের উচিত কূটনৈতিক পর্যায়ে সমস্যার সমাধান করার জন্য বিশ্ব নেতৃবৃন্দকে আহ্বান জানানো।’
মিয়ানমারে শান্তি মিশন প্রয়োগ করতে আন্তর্জাতিক পর্যায়ে চাপ প্রয়োগ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা।
মিয়ানমারের নেত্রী আং সান সুচির সমালোচনা করে আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে সূচি এখনো বক্তব্যে রাখেননি। ফলে তার শান্তিতে নোবেল পুরস্কার অনর্থক। তার উচিৎ নোবেল পুরস্কার প্রত্যাহার করে নেওয়া।’
আয়োজক সংগঠনের চেয়ারম্যান মেজার জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতিকের সভাপতিত্বে মানববন্ধনে ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, সংগঠনের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান তামান্না, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমউত উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

