নিজস্ব প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশন গঠনে বিএনপির প্রস্তাবনা ও সুপারিশ তুলে ধরার এক সপ্তাহের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তায় বিএনপি নেত্রী বলেন, ‘সকলের ভোটের অধিকার রক্ষায় সমঝোতার ইসি গড়ার প্রস্তাব বিএনপির একার নয় বা তুচ্ছ কোনো বিষয় নয়। তাই আলোচনা দরকার, একতরফা ইসি নয়।’
আগামী ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ। এই পরিস্থিতিতে নতুন নির্বাচন কমিশন গঠন ও শক্তিশালী করার ব্যাপারে বিএনপির প্রস্তাবনা ও সুপারিশ গত ১৮ নভেম্বর শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল ওয়েস্টিনে তুলে ধরেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
তবে প্রস্তাবনাকে ‘অন্ত:সারশূণ্য’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করে বক্তব্য দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সংবিধান অনুযায়ী সার্চ কমিটি গঠনের মাধ্যমেই নতুন ইসি গঠন হবে।

