নিজস্ব প্রতিবেদক : গুলশানের হলি আর্টিজান, শোলাকিয়া, নাসিরনগর ও গোবিন্দগঞ্জের মতো ঘটনা ঘটিয়ে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
শুক্রবার সকালে দিনাজপুরের বোচাগঞ্জ কেন্দ্রীয় দুর্গা মন্দির ও রামকৃষ্ণ সেবা আশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খালিদা মাহমুদ বলেন, ‘যে অসাম্প্রদায়িক চেতনায় বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিলো, পঁচাত্তরের পনের আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর জিয়া, এরশাদ, খালেদা সেই চেতনা নষ্ট ও ধ্বংস করতে ধারাবাহিকভাবে চক্রান্ত করেছে। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল বলে তাদের সেই চেষ্টা সফল হয়নি।’
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘যারা একাত্তরের অসাম্প্রদায়িক চেতনার বিরোধী ছিল, সেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। বঙ্গবন্ধু হত্যার খুনিদের বিচার হয়েছে। যারা পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর এই চেতনা নষ্ট করার চেষ্টা করেছে,তাদের বিচারও বাংলার মাটিতে হবে।’
তিনি বলেন, ‘কোনো দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে পারবে না। ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, জীবন দিয়ে হলেও সেই চেতনা রক্ষা করবো। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
বোঁচাগঞ্জ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বীর ভদ্রর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র আবদুস সবুর, আওয়ামী নেতা নইম সাহা, আফসার আলী, বিশ্বনাথ দত্ত চক্রবর্তী, দুলাল চক্রবর্তী, সুব্রত অধিকারী, দিনাজপুর রামকৃষ্ণ মিশনের প্রধান সেবায়াত প্রমুখ।

