নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অনুপস্থিতিতে দল শক্তি হারাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান আদুল্লাহ আল নোমান। তিনি বলেছেন, দলকে শক্তিশালী করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তারেককে দেশে ফিরিয়ে আনতে হবে।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ কথা বলেন নোমান। বাংলাশদেশ জাতীয়তাবাদী বন্ধু দল নামের একটি সংগঠনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারেক রহমানের ৫২তম জন্মদিন পালনের অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটি।
নোমান বলেন, “জিয়ার আদর্শে এগিয়ে যাওয়া তারেক রহমানকে রাজনৈতিকভাবে হত্যার চেষ্টা করা হয়েছিল। আওয়ামী লীগ যাতে লুটপাট করতে পারে সে জন্য এক-এগারোর সরকার জোর করে তাকে বিদেশে পাঠিয়ে দেয়।’
তারেককে ছাড়া বিএনপি শক্তি হারাচ্ছে উল্লেখ করে দলের এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘দলকে পুনরায় শক্তিশালী করতে তাকে (তারেক) দেশে ফিরিয়ে আনতে হবে।” এ সময় বিএনপিকে শক্তিশালী করার মাধ্যমে রাজনীতির লড়াইয়ে জয়ী হয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সে দেশের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর হামলা-নির্যাতনের নিন্দা জানিয়ে নোমান রোহিঙ্গাদের বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি রোহিঙ্গাদের ওপর অত্যাচার-নির্যাতনের বিষয়ে বিশ্বের নীরবতার প্রশ্ন তোলেন। যেকোনো ব্যক্তি-গোষ্ঠীর অধিকার রক্ষায় বিএনপি সোচ্চার থাকবে বলে জানান নোমান।
জাতীয়তাবাদী বন্ধু দলের সভাপতি শরীফ মোস্তফা জামান লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খান প্রমুখ।
এদিকে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত তারেক রহমানের ৫২তম জন্মদিন পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়ার প্রস্তাব অনুযায়ী নির্বাচন করা হলে তা সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া সম্ভব। এ সময় তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বিষয়ে প্রশ্ন তুলে বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে সেখানে বিএনপির প্রার্থী জয়লাভ করবেন।

