নিজস্ব প্রতিবেদক : দুর্নীতির মামলায় গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে মেয়র মান্নানের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা ও আবু হানিফ। দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান।
এর আগে গত ১৭ আগস্ট বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এম এ মান্নানকে জামিন দেন।সিটি করপোরেশনের ত্রাণ ও দরিদ্র তহবিলের এক কোটি ৩ লাখ ৮ হাজার ১৩২ টাকা আয় এবং ৯০ লাখ ৪৭ হাজার ৮৪৬ হজার টাকা ব্যয়ে দুর্নীতির অভিযোগে ১৩ জুন দুদকের উপপরিচালক সামছুল আলম জয়দেবপুর থানায় এ মামলা করেন। এ মামলায় ১৯ জুন মেয়র মান্নানকে গ্রেপ্তার দেখানো হয়।

