নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
শনিবার দিনগত রাত ১২টা ১ মিনিটে ছেলে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ৫২ পাউন্ডের কেক কাটেন বিএনপির চেয়ারপারসন খালেদা।
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের পক্ষ থেকে আলাদা কেক কাটার আয়োজন ছিল। এ সময় তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও দেশে দ্রুত প্রত্যাবর্তন প্রত্যাশা করেন তারা।
এর আগে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রাত ১১টা থেকে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সমাগম হয়। হাজার হাজার নেতা-কর্মীর ‘শুভ শুভ জন্মদিন, তারেক ভাইয়ের জন্মদিন’ স্লোগান পুরো এলাকাকে সরগরম করে রাখে।
কেক কাটা শেষে খালেদা জিয়া লন্ডনে অবস্থানরত ছেলে তারেক রহমানের সঙ্গে কথা বলে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। কিছুক্ষণ পর খালেদা জিয়া কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি তোমাদের শুভেচ্ছা তোমাদের প্রিয়জন তারেক রহমানকে জানিয়েছি। সে খুব খুশি হয়েছে এবং তোমাদের ধৈর্য্য ধারণ করতে বলেছেন।’
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা এম এ কাইয়ূম, সাবিহ উদ্দিন আহমেদ, আব্দুস সালাম, আবুল খায়ের ভূইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, বিলকিস জাহান শিরিনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ছিলেন।
এদিকে জন্মদিন উপলক্ষে রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন অঙ্গ, সহযোগী ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে কেক কাটা হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারাও অংশ নেন।
বিএনপির দপ্তর সূত্র জানিয়েছে, তারেক জন্মদিন উপলক্ষে রোববার দুপুরে রাজধানীর রমনার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা করবে বিএনপি। পরদিন সোমবার বাদ আসর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় বিএনপির উদ্যোগে তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
রোববার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে গরিব ও দুস্থদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা সেবা দেওয়া হবে।
তারেক রহমানের জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর। তারেক রহমান এখন যুক্তরাজ্যে চিকিৎসাধীন রয়েছেন। সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

