নিজস্ব প্রতিবেদক : ভবিষ্যতে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিবর্তে ‘রকিবউদ্দিন মার্কা’ নির্বাচন কমিশন হলে দেশ চরম অস্থিতিশীল হবে বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।
সেজন্য নতুন ইসি গঠনে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠনেরও দাবি জানিয়েছে দলটি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘কাজী রকিব মার্কা নির্বাচন করতেই শাসকদল রাষ্ট্রপতিকে ব্যবহার করে তীব্র আওয়ামী অনুভূতিসম্পন্ন সার্চ কমিটি গঠন করতে চায়। শাসকদল এমন অশুভ ইচ্ছার প্রতিফলন ঘটালে দেশ চরম অস্থিতিশীল হয়ে উঠবে এবং জনগণ তা কখনোই মেনে নেবে না।’
রিজভী বলেন, ‘রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করলে সেটি যে প্রধানমন্ত্রীর নির্দেশেরই প্রতিফলন হবে সেই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। সেই নির্বাচনের পরিণতি কী হবে সেটির দৃষ্টান্ত কাজী রকিবউদ্দিনের নির্বাচন কমিশন দেশবাসীকে দেখিয়ে দিয়েছে।’
তিনি বলেন, ‘ওয়েস্টিন হোটেলে বিকেল ৪টায় বিএনপি নেত্রী দেশের গণতন্ত্র পূণরুদ্ধার ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন বিষয়ে একটি রুপরেখা জাতির সামনে তুলে ধরবেন।’
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার পর পুলিশ সাজানো মিথ্যা প্রতিবেদন দাখিল করেছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।
তিন বলেন, সেখানে ১৮ জন আওয়ামী লীগ নেতা-কর্মীর সঙ্গে বিএনপির নাসিরনগর উপজেলার সহসভাপতি জামাল উদ্দিন ও ইউনিয়ন যুবদলের সহসভাপতি বিল্লাল হোসেনের নামও জুড়ে দেওয়া হয়েছে। পুলিশ মূলত স্থানীয় এমপি ও মন্ত্রীকে বাঁচাতেই এই সাজানো প্রতিবেদন তৈরি করেছে।
‘এটা করা হয়েছে শুধুমাত্র গায়ের জোরে নিজেদের অপকর্মের ভারসাম্য আনার জন্য। বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদন দাখিল শুধু হাস্যকরই নয়, বরং এটি তাদের দুস্কর্মকে ঢেকে দেওয়ার অপচেষ্টা’, বলেন তিনি।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’ রাজধানীতে সমাবেশের অনুমতি না দেওয়ায় দেশব্যাপী বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ ও শাসকদলের নেতা-কর্মীরা হামলা ও গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেন রিজভী।
তিনি হামলা ও গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপি নেতা আবদুস সালাম, খায়রুল কবির খোকন, হারুন অর রশীদ, এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান, এ বি এম মোশাররফ হোসেন, মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ।

