নিজস্ব প্রতিবেদক : ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলু বলেছেন, স্বার্থান্বেষী রাজনৈতিক মহল বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চালাচ্ছে। দেশের মানুষ এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র সফল হতে দেবে না।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইসলামিক পার্টি (বিআইপি)।
তিনি বলেন, ‘আমাদের দেশকে যেসব স্বার্থান্বেষী সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে অপচেষ্টা চালাচ্ছে দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা ঐক্যবদ্ধভাবে এ সকল অপশক্তির ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে।’
আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিচারণ করে শওকত হোসেন নিলু বলেন, ‘মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো একজন নেতার বড় বেশি প্রয়োজন। ভাসানীর যে ত্যাগ, চিন্তা, শিক্ষা ও আদর্শ ছিল তা আজও আমাদেরকে রাজনীতি করতে সহায়তা করে। তাই আমাদেরকে ভাসানীর জীবন আদর্শে শিক্ষা গ্রহণ করতে হবে।’
বাংলাদেশ ইসলামিক পার্টির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মজলিস, মহাসচিব মিজানুর রহমান মিজু, ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব আব্দুল হাই মণ্ডল, আয়োজক পার্টির সাংগঠিন সম্পাদক এস এম রেজাউল ইসলাম প্রমুখ।

