লাইফস্টাইল ডেস্ক : পুরো পৃথিবী জুড়ে মশা নিয়ে প্রচলিত রয়েছে নানা ধরনের ভুল ধারণা। হোক সেই ধারণা মশা কেন বেশি কামড়ায় এ নিয়ে বা মশার দমন নিয়ে।
আপনি হয়তো শুনে থাকবেন, এই ধরনের খাবার খেলে বা এই মোমবাতি জ্বালালে মশার যন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু আপনি যাই খান না কেন বা ঘরে সুগন্ধিযুক্ত মোমবাতি রাখেন না কেন, মশার আক্রমণের ঝুঁকি কমে না।
যুক্তরাষ্ট্রের খ্যাতনামা নিউজ পোর্টাল বিজনেস ইনসাইডার সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে মশা দমনের প্রচলিত ভুল ধারণা নিয়ে কথা বলেছেন ড. স্ট্যান কপ। তিনি আমেরিকান মসকিটো কন্ট্রোল অ্যাসোসিয়েশনের প্রধান ও অ্যানটোমলজি (কিটবিজ্ঞান) এবং রেগুলার সার্ভিস এর পরিচালক হিসেবে কর্মরত আছেন।
খাবার
অনেকেই বলে থাকে রসুনযুক্ত খাবার বা অধিক পরিমাণে ভিটামিন বি যুক্ত খাবার খেলে মশার কামড় খাওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়। কিন্তু ড. কপ বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
বাস্তবতা হচ্ছে, মশা আপনাকে কি পরিমাণ আক্রমন করে সেটা নির্ভর করে কি পরিমাণ কার্বন- ডাই-অক্সাইড আপনি ত্যাগ করছেন বা আপনার দেহের মেটাবোলিজম (খাদ্যের রাসায়নিক রুপান্তর) কত দ্রুত হয়।
সাইট্রোনিলাযুক্ত সুগন্ধি মোমবাতি
ড. কপের ভাষ্যমতে, সাইট্রোনিলাযুক্ত (লেবু জাতীয় গাছের নির্যাস থেকে তৈরি) সুগন্ধি মোমবাতি ব্যবহারে মশার হাত থেকে রক্ষা পাওয়া যায় এমন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এসব থেকে যে ধোঁয়ার সৃষ্টি হয় তা সাময়িকভাবে মশাকে প্রতিহত করে। কিন্তু সেই স্থানে জোরে বাতাস চলাচল করলে ধোঁয়ার সেই প্রতিরোধ ব্যবস্থাও নষ্ট হয়ে যায়।
মশা দূরীকরণে উদ্ভিদ
মশা দমনে উদ্ভিদ বা গাছের তেমন কোনো ভূমিকা নেই। উল্টো গাছ, ঝোপঝাড় মশাদের আশ্রয়ের জায়গা। কারণ কীটপতঙ্গ ঠান্ডা, অন্ধকার ও স্যাঁতস্যাঁতে জায়গায় বেশি থাকে। কিছু উদ্ভিদ বা গাছের পাতা থেকে প্রাপ্ত তেল মশা দমনে সাহায্য করে। কিন্তু তার জন্য সেই উদ্ভিদ বা গাছের পাতা গুড়ো করে বা পুড়িয়ে সেই তেলের জন্য উপযুক্ত করতে হয়।
কীটপতঙ্গ মারার বৈদ্যুতিক বাতি
বাগ জ্যাপার বা কীটপতঙ্গ মারার বৈদ্যুতিক বাতির মধ্য দিয়ে খুব অল্প সংখ্যক মশা মারা যায়। বেশিরভাগ ক্ষেত্রে এখানে ধরা পরে নানান ধরনের মথ ও গুবরে-পোকা।
আমেরিকার ইউনিভার্সিটি নটর ডেম এর গবেষক দল বাগ জ্যাপার সহ ও বাগ জ্যাপার ছাড়া দুইটা গবেষণা করেন। দুই ধরনের এই গবেষণায় দেখা যায়, সমগ্র ঋতুতে প্রতিদিন মশা ধরা পড়েছে ৪.১% ও ৬.৪%। দুই প্রতিবেদনেই তেমন কোনো পার্থক্য পাওয়া যায়নি।
মশা শুধু রাতে কামড়ায়
অন্যতম প্রচলিত ভুল ধারণা মশারা শুধু রাতে কামড়ায়। কিছু প্রজাতির মশা আছে যারা দিনের বেলায়ও আক্রমণ করে। যেমন- এশিয়ান টাইগার মশা, এডিস মশা। এই ধরনের মশাগুলো হাটুঁ, গোড়ালি এসব স্থান থেকে রক্ত খেয়ে আপনি তাদের দেখার আগেই চুপিসারে সরে যায়।

