নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য হয়েও এমাজউদ্দিন আহমদ ইতিহাস নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন। তার মত ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি বলতে চান না।
ফজলে রাব্বি মিয়া বলেন, ‘এমাজউদ্দিন আহমদ স্বপ্ন দেখছেন, বিএনপি ক্ষমতায় গেলে তিনি রাষ্ট্রপতি হবেন। আর এজন্য তিনি আবোল-তাবোল বকছেন।’
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয় চার নেতার স্মরণে ও ৭ নভেম্বর সৈনিক হত্যা দিবস উপলক্ষে আওয়ামী সাংস্কৃতিক পরিষদ নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।
ফজলে রাব্বি মিয়া বলেন, ‘বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করে ক্ষমতায় যেতে চায় যেমন করে ক্ষমতা দখল করেছে জিয়াউর রহমান।’ ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, ‘এই দিন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা সৈনিকদের বেছে বেছে হত্যা করেছে।’
আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহে আলম মুরাদ, সংগঠনের সভাপতি ইসমত কবির গামা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।

