নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনা পরিদর্শনে যাচ্ছে ১৪ দলের একটি প্রতিনিধি দল। রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪দলের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, আমরা এ ঘটনায় উদ্বিগ্ন। প্রশাসনকে আরো কঠোর হওয়ার কথা বলা হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কেননা স্বাধীনতাবিরোধী চক্রের গভীর ষড়যন্ত্র রয়েছে।
প্রতিনিধি দলটি আগামীকাল সোমবার নাসিরনগর যাবে। দলের নেতৃত্ব দেবেন ড. আব্দুর রাজ্জাক ও দিলীপ বড়ুয়া।
সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া উপস্থিত ছিলেন।

