নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন একটি কারাগার। দেশে গণতন্ত্র অবরুদ্ধ হয়ে পড়েছে।
শনিবার বিকেলে সিলেট নগরীর পাঠানটুলাস্থ একটি কমিউনিটি সেন্টারে খন্দকার আবদুল মালিক ফাউন্ডেশন আয়োজিত ‘শহীদ জিয়া স্মরণে’ আলোচনা সভায় টেলিকনফারেন্সে এ কথা বলেন মির্জা ফখরুল।
আলোচনায় সভায় উপস্থিত থাকার কথা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তবে দলীয় কাজে ব্যস্ত থাকায় তিনি আসতে পারেননি।
বক্তব্যে মির্জা ফখরুল আরো বলেন, দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই জগদ্দল পাথর হয়ে বসা ক্ষমতাসীন সরকারকে সরাতে হবে।
টেলিকনফারেন্সে মির্জা ফখরুল আরো বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলেই আজকে আওয়ামী লীগসহ অন্য দলগুলো রাজনীতি করার সুযোগ পাচ্ছে। জিয়াউর রহমানই শিখিয়েছিলেন সমৃদ্ধ অর্থনীতির মাধ্যমে একটি দেশ কীভাবে এগিয়ে চলতে হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, বিএনপি কোনো শক্তির ওপর নির্ভর করে রাজনীতি করে না। বিএনপির শক্তি বাংলাদেশের জনগণ। তাই জিয়াউর রহমান জনগণকেই সব ক্ষমতার উৎস বলে মনে করতেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদিরের সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী পরিষদ-সিলেটের সভাপতি ডা. শামীমুর রহমান।
ফাউন্ডেশনের উপদেষ্টা তোফায়েল আহমদ ও সাবেক ছাত্রনেতা সিদ্দিকুর রহমান পাপলুর পরিচালনায় অনুষ্ঠানে সিলেট জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

