ঢাকাSunday , 30 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিপিবির নেতৃত্বে বাম বিকল্প জোট গড়ে তোলা হবে

Link Copied!

CPBনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃত্বে বাম বিকল্প জোট গড়ে তোলা হবে।
সোমবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে সিপিবির একাদশ কংগ্রেসের তৃতীয় দিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এ কথা জানান।
তিনি বলেন, দেশ আজ এক বিশেষ সন্ধিক্ষণে। শাসকশ্রেণির অনুসৃত নীতির ফলে জনগণের জীবনের সংকট চরম আকার ধারণ করেছে। একদিকে এক শ্রেণির মানুষের জীবনে চলছে তীব্র সংকট। অন্যদিকে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে লুটপাটের মধ্যদিয়ে একটা শ্রেণি সীমাহীন বিত্ত বৈভবের মালিক রাষ্ট্র ক্ষমতা দখলে রাখার জন্য বা যেনতেন প্রকারে ক্ষমতায় যাওয়ার জন্য শাসক শ্রেণির মধ্যে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। দেশবাসী এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চায়।
তিনি আরো বলেন, মানুষ কোন আস্থাভাজন বিকল্প রাজনৈতিক শক্তি খুঁজে পাচ্ছে না। ফলে মানুষ হতাশ। এ অবস্থা থেকে উত্তরণের জন্য কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা হবে।
এদিকে, বামপন্থীদের ঐক্যবদ্ধ করে বাম বিকল্প গড়ার লক্ষ্যের প্রতি আবারও অবিচল আস্থার কথা জানিয়েছেন সিপিবির কাউন্সিলে থাকা প্রতিনিধি, পর্যবেক্ষক ও ডেলিগেটরা।
রোববার বিকালে কংগ্রেসের তৃতীয় দিনে বিকেলে খসড়া রাজনৈতিক প্রস্তাবের ওপর আলোচনার পর সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম রাজনৈতিক প্রস্তাব অনুমোদনের জন্য আহ্বান জানালে উপস্থিত প্রতিনিধিরা তাদের প্রতিনিধি কার্ড উর্ধ্বে তুলে ধরে প্রস্তাব অনুমোদন করেন।
আজকের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন কংগ্রেসের সভাপতিমণ্ডলীর সদস্য কমরেড অ্যাডভোকেট মেহেরুল ইসলাম, কমরেড সুতপা বেদজ্ঞ, কমরেড লাকী আক্তার। ৪৫ জন প্রতিনিধি তাদের জন্য নির্ধারিত সময়ে রাজনৈতিক প্রস্তাবের ওপর আলোচনা করেন।
সকালের প্রথম অধিবেশনে কেন্দ্রীয় কমিটির রিপোর্টের ওপর আলোচনা শেষে পার্টির সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ সমাপনী বক্তব্য রাখেন। এরপর হাউজ সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন। কেন্দ্রীয় কমিটির রিপোর্টের ওপর আলোচনায় ৫১ জন প্রতিনিধি অংশ নেন।
আজ দলের ঘোষণা-কর্মসূচি ও গঠনতন্ত্র সংশোধন বিষয়ে কংগ্রেসে আলোচনা হয়।
কংগ্রেসের অগ্রগতি নিয়ে প্রতিদিনের মত সোমবার বিকেল ৪টায় অধিবেশনস্থলের বাইরের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন হয়।
নির্ধারিত কার্যপ্রণালী ও সূচি অনুযায়ী আগামীকাল কাউন্সিল অধিবেশনে আগামী চার বছরের নেতৃত্ব নির্বাচন করা হবে।
সম্মেলনে ৬৮৩ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, যাদের মধ্যে ২১৭ জন নারী ও ১৭ জন আদিবাসী। কংগ্রেসে যোগদানের জন্য ১০৮ জন পর্যবেক্ষককেও মনোনীত করা হয়েছে। ৯৯ জন ভেটারেন কমরেডকে কংগ্রেসে যোগদানের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।