
চাষী সমাবেশে বক্তব্য রাখছেন যুগ্ম-পরিচালক (পাটবীজ, পূর্বাঞ্চল) মো. মোস্তাফিজুর রহমান
নিজস্ব প্রতিবেদক : চলতি বোরো মৌসুমে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও এসএল এগ্রিটেক করপোরেশন, ফিলিপাইন (SL Agritech Corporation, Philippines) কর্তৃক যৌথভাবে উৎপাদিত এসএল-৮এইচ (SL-8H) জাতের হাইব্রিড ধান বীজের দেশব্যাপী বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। চাষী, বীজ ডিলার, বিএডিসি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে জাতটির ব্যাপক পরিচিতি ও চাষ সম্প্রসারণের লক্ষ্যে বিক্রয় কার্যক্রম জোরদারকরণের উদ্দেশ্যে ইতোমধ্যে বিক্রয় প্রবর্ধণমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

চাষী ও ডিলারদের উপস্থিতি
বিএডিসি সূত্র জানায়, এসএল-৮এইচ জাতের হাইব্রিড ধান বীজের ব্যাপক প্রচার প্রচারণার জন্য ১২টি বীজ বিপণন অঞ্চলের চাষী, বীজ ডিলার, বিএডিসি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে দেশের ৭টি স্থান যথা-বরিশাল, খুলনা, জামালপুর, কুমিল্লা, ফরিদপুর, পাবনা এবং রংপুরে বীজ ডিলার ও চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি সমাবেশে প্রায় ৬০ জন চাষী ও বীজ ডিলার উপস্থিত ছিলেন। বিএডিসি’র সদর দপ্তর থেকে ব্যবস্থাপক/অতিরিক্ত মহাব্যবস্থাপক পর্যায়ের একজন করে কর্মকর্তা উক্ত সমাবেশে অংশগ্রহণ করেন। বরিশালের চাষী সমাবেশে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাব্যবস্থাপক (কন্ট্রাক্ট গ্রোয়ার্স) মো. মজিবুল হক, সাতক্ষীরায় ব্যবস্থাপক (বীজ বিপণন) আবু রায়হান মো. তারিক, জামালপুরে ব্যবস্থাপক (উন্নয়ন) সৈয়দ এজাজ হোসেন, কুমিল্লায় অতিরিক্ত মহাব্যবস্থাপক (বীজ বিপণন) মো. আলী আসগর, ফরিদপুরে ব্যবস্থাপক (কর্মসূচি) বিশ্বাস কুতুব উদ্দিন, পাবনায় ব্যবস্থাপক (খামার) মো. গোলাম কিবরিয়া এবং রংপুরে উপস্থিত ছিলেন যুগ্মপরিচালক (পাটবীজ-পূর্বাঞ্চল) মো. মোস্তাফিজুর রহমান।

