নিজস্ব প্রতিবেদক : ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ও নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে শনিবার সারা দেশে জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে দলটি।
বুধবার ওয়ার্কার্স পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে।
সংগঠনের সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ার্কার্স পার্টির শীর্ষ দুই নেতা বলেন, নজরুল ইসলাম নড়াইলের গণমানুষের ন্যায্য সংগ্রামে নেতৃত্ব দেওয়ায় তার ওপর হামলা করা হয়েছে। একটি চক্র ওই জেলায় লটারি ও র্যা ফেল ড্রর নামে জুয়া ও প্রতারণার ব্যবসা করছিল। এর বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ওয়ার্কার্স পার্টি প্রতিরোধ আন্দোলন গড়ে তুলে ওই জুয়া ও প্রতারণা ব্যবসা বন্ধ করে দিয়েছে। ফলে স্থানীয় চক্রের লাখ লাখ টাকার অবৈধ উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। এ কারণেই তারা নজরুল ইসলামসহ ওই আন্দোলনের নেতাদের গত কয়েকদিন ধরে হত্যার হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল ২৫ অক্টোবর সন্ধ্যায় নড়াইলের রূপগঞ্জ বাজারে সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে নজরুল ইসলামের ওপর হামলা চালায়।

