নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন। এবারের সম্মেলনকে ঘিরে পুরো রাজধানীকে সাজানো হয়ে জমকালো নানা আয়োজনে। অনেকেই বলছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটিই সেরা সম্মেলন।
জমকালো এ আয়োজনকে ঘিরে সারা দেশ থেকে রাজধানীতে এসেছেন আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মী। পুরো সোহরাওয়ার্দী উদ্যান রূপ নিয়েছে এক মহামিলনমেলায়। আর মহামিলনমেলাকে স্মরণীয় করে রাখতে সবাই মেতেছেন ছবি তোলায়। যেন এক ফ্রেমে বন্দি হয়ে স্মৃতিকে অমলিন করে রাখতে চাইছেন সবাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়কে ব্যাক কাভার দিয়ে বিভিন্ন ধরনে দাঁড়িয়ে একাকী কিংবা গ্রুপ ছবি তুলছেন দেশের নানা প্রান্ত থেকে আগত কাউন্সিলররা।
সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের জন্য বানানো মঞ্চে দাঁড়িয়ে গ্রুপ ছবি তুলছিলেন যশোর থেকে আগত কাউন্সিলর শওকত হোসেন, কামরুল ইসলাম, রফিক মিয়া, নুরুল ইসলাম, হাফিজুর রহমান ও মনোয়ারুল করিম। কথা হয় তাদের সঙ্গে।
নুরুল ইসলাম বলেন, ‘আমরা গত ২১ অক্টোবর রাতে ঢাকায় এসেছি। গতকাল সম্মেলনে অংশ নিয়েছি। এবারের সম্মেলনটি স্মরণকালের সেরা সম্মেলন বলে আমার মনে হয়। এসে খুবই ভাল লাগল। এমন সুন্দর একটি আয়োজনকে নিজের জীবনে স্মৃতি করে রাখতে জেলার সকল নেতাদের সঙ্গে গ্রুপ ছবি তুলে নিচ্ছি। খুব ভাল লাগছে।’
শওকত হোসেন বলেন, ‘আজ নেতা নির্বাচিত হচ্ছে। সেখানে তো আমাদের যাওয়ার সুযোগ নেই। তাই অবসরে আমরা সকলে মিলে কিছু ছবি তুলে নিচ্ছি। যেগুলো আমাদের স্মৃতি হিসেবে পার্টি অফিসে সংরক্ষিত থাকবে। রাজধানীর বিভিন্ন পরিচিতজনদের সঙ্গে মিলিত হয়ে নানা আলাপ করছি। তাদের সঙ্গেও ছবি তুলছি।’
সোহরাওয়ার্দী উদ্যানে লেকের মাঝে স্থাপিত গ্লাস টাওয়ারকে ব্যাক কাভার দিয়ে সেলফি তুলছিলেন চট্টগ্রাম থেকে আসা কাউন্সিলর মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে অনন্য আয়োজন এবারের আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। আমি এবার প্রথম কাউন্সিলর। সে হিসেবে নিজের ভেতর অত্যাধিক ভাল লাগা কাজ করছে। তা ছাড়া এমন একটি সুন্দর আয়োজনকে স্মৃতিবিজড়িত করে রাখতে কয়েকটি ছবি তুলে রাখছি।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে গ্রুপ ছবি তুলছিলেন কুমিল্লা উত্তর থেকে আসা কাউন্সিলর আব্দুল আওয়াল সরকার, অধ্যাপক হুমায়ুন মাসুদ, আব্দুল মান্নান জয়, রুহুল আমিন ও হানিফ।
রুহুল আমিন বলেন, ‘আওয়ামী লীগের আগামী দিনের নেতা নির্বাচনে গুরুত্বপূর্ণ সম্মেলন এটি। সম্মেলনকে নিজের স্মৃতিতে অমলিন করে রাখতে নেতাদের সঙ্গে কয়েকটি ছবি তুলছি।’
তিনি বলেন, ‘সম্মেলনে সবার সম্মতিতে যে নেতাই নির্বাচিত হোক না কেন, আমরা তার নেতৃত্বে আগামী দিনের পথ চলতে চাই।’

