নিজস্ব প্রতিবেদক : ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আওয়ামী লীগ সরকারের নানা সাফল্য নিয়ে বিভিন্ন বই, বুকলেট, ব্যাজ, টি-শার্ট বিনামূল্যে বিতরণ করছে সেন্টার ফর রিচার্স অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) পাবলিকেশনস।
এ ছাড়া মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময়ে বাংলাদেশের নান অর্জনে আওয়ামী লীগের বিভিন্ন অবদান সংক্রান্ত বই ও স্টিকার বিক্রি করছে প্রতিষ্ঠানটি।
রোববার সকালে সিআরআইয়ের স্টলে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কাউন্সিলররা লাইনে দাঁড়িয়ে বিভিন্ন বই সংগ্রহ করছেন।
সিআরআইয়ের বিক্রয়কর্মী সাবরিনা ইসলাম জানান, গতকাল থেকে আমাদের অনেক বই বিক্রি হয়েছে। এ ছাড়া অসংখ্য প্ল্যাকার্ড, ফেস্টুন, স্টিকার, সুভেনিয়র বিতরণ করা হয়েছে। যারা সম্মেলনে এসেছেন তাদের অধিকাংশই আমাদের স্টলে এসেছেন এবং বইগুলো সংগ্রহ করছেন।
তিনি বলেন, আমাদের স্টলে রয়েছে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’, নূহ-আলম-লেলিন রচিত ‘বাংলাদেশ আওয়ামী লীগ: সংক্ষিপ্ত ইতিহাস ও দলিল’, স্থপতি ইয়াফেস ওসমান রচিত ‘জয়তু জননেত্রী’, শিশুদের জন্য দুই খণ্ডে রচিত ‘বঙ্গবন্ধু’ ও ‘আওয়ামী লীগের সাফল্য গাথা’।
তিনি বলেন, আমাদের স্টলে বই বিক্রি ও বিনামূল্যে বিতরণ ছাড়াও রয়েছে প্রজেক্টরের মাধ্যমে ইয়ং বাংলা ভিডিও প্রদর্শনী। যেখানে মুক্তিযুদ্ধে বিভিন্ন ঘটনা ও আওয়ামী লীগের নানা অর্জন দেখানো হচ্ছে। এটি কাউন্সিলর ছাড়াও সব দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে।
সিআরআইয়ের অফিসার রিসার্চ ফারজানা তন্নী জানান, ‘আমরা গতকাল থেকেই অনেক সাড়া পেয়েছি। সবাই আমাদের স্টল একবার হলেও ভিজিট করেছে। আমাদের এ স্টলের মূল উদ্দেশ্য সবার কাছে ইতিহাসের সঠিক দিকটা পৌঁছে দেওয়া। এ ছাড়া নতুন প্রজন্মকে এ বিষয়ে আরো সচেতন করে তোলা। আজ প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের আমাদের স্টল পরিদর্শনে আসার কথা রয়েছে।’

