বিনোদন ডেস্ক : মেহেদীর রঙে হাত রাঙাচ্ছেন মৌরি সেলিম। কিছুক্ষণ পর হাস্যজ্জ্বল এ মেয়েটি ছোট ছেলে-মেয়েদের সঙ্গে দৌড়াতে থাকে। হঠাৎ গিয়ে ধাক্কা লাগে জনপ্রিয় সংগীতশিল্পী এফএ সুমনের সঙ্গে।
সদ্য হাতে মাখা মেহেদী সুমনের সাদা রঙের শার্টে লেগে যায়। খুব অপরাধবোধে থেমে যায় মেয়েটি। কিন্তু চোখে চোখ পড়তেই দুজনের অভিব্যক্তি পাল্টে যায়। অদৃশ্য উষ্ণ ভালোবাসার পরশ যেন বইতে থাকে। এ সময় ব্যাকগ্রাউন্ডে বেজে উঠে ‘তোর লাগিরে জীবন’ শিরোনামের গানটি।
বলছি, এফএ সুমনের গাওয়া নতুন গানের মিউজিক ভিডিওর কথা। সোহাগ ওয়াজিওল্লাহর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এফএ সুমন। মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন নাজমুস শাহদাৎ নাজিম। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন এফএ সুমন ও মৌরি সেলিম।
সম্প্রতি মিউজিক ভিডিওটি জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। প্রকাশের পর দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে গানটি।

