ঢাকাThursday , 13 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবি ইনুর

Link Copied!

Enuনিজস্ব প্রতিবেদক : শান্তিপূর্ণ, নিরাপদ ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী ও জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ের জাসদের সমাবেশে তথ্যমন্ত্রী এই দাবি জানান। জঙ্গি-সঙ্গী বর্জন ও বিচার দাবিতে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর জাসদ।
ইনু বলেন, ‘যদি শান্তিপূর্ণ বাংলাদেশ চান,জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ চান, হেফাজতমুক্ত বাংলাদেশ চান, তেঁতুল হুজুরমুক্ত বাংলাদেশ চান তাহলে খালেদা জিয়াকে গ্রেপ্তার করতে হবে।’
গত কয়েক বছর ধরেই ইনু বিএনপি চেয়ারপারসনকে তীব্র ভাষায় আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন। ২০১৩ এবং ২০১৫ সালে সরকারবিরোধী আন্দোলনে ব্যাপকমাত্রায় পেট্রলবোমা ব্যবহারের পর থেকে খালেদা জিয়াকে ইনু আগুন সন্ত্রাসী বলে আখ্যা দিয়ে আসছেন। নানা সময় তিনি খালেদা জিয়াকে সন্ত্রাসের রানীও বলে থাকেন।
জঙ্গিবিরোধী অভিযানে সন্দেহভাজনদের গুলি করায় আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের সমালোচনা করে আসছেন বিএনপি নেত্রী। এ জন্য একাধিকবার ইনু তাকে জঙ্গিদের মদদদাতা বলেছেন। আজকের সমাবেশে একই কারণে বিএনপি নেত্রীকে জঙ্গিদের সঙ্গী আখ্যা দেন তিনি।
খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবির কারণ ব্যাখ্যা করে জাসদ সভাপতি বলেন, ‘বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো জঙ্গিবাদ। এই জঙ্গিবাদ দেশের উন্নয়নের জন্য সবচেয়ে বড় বাধা; দেশের তিন হাজার বছরের ঐতিহ্যের জন্য হুমকি; সমাজতন্ত্র, নারীমুক্তি ও মুক্তিযোদ্ধের জন্য সবচেয়ে বড় শত্রু। আর খালেদা জিয়া হল জঙ্গিবাদের সঙ্গী। খালেদা জিয়া ও বিএনপি হলো জঙ্গি উৎপাদনের কারখানা।’
ইনু বলেন, ‘ক্যান্সার হলে যেমন কেটে ফেলতে হয়, তেমনই দেশের জঙ্গিবাদ নির্মূল করতে হলে খালেদা জিয়াকে বর্জন করতে হবে। ক্যান্সারকে পোষা যেমন ভয়ঙ্কর, তেমনই খালেদা জিয়াকে পোষা হবে দেশের জন্য ভয়ঙ্কর।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন উল্লেখ করে ইনু বলেন, ‘জঙ্গিরা বর্তমানে অনেকটা কোণঠাসা হয়েছে। তাদের খুঁটি উপরে ফেলা হয়েছে। তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে’।
ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক ও দলটির সহসভাপতি মীর হোসেইন আকতারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলটির সহসভাপতি ওবায়দুর রহমান চুন্নু, শফিউদ্দিন মোল্লা, নজরুল ইসলাম, হাবিবুর রহমান খোকন প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।