টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীর পুংলী নদীতে গ্যাসলাইনে লিকেজ দেখা দিয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই লিকেজ দেখা দেয়। এলাকাবাসী জানান, সকালে পুংলী ব্রিজের পাশে নদীতে হঠাৎ করে পানিতে ফোয়ারা দেখা দেয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে গ্যাসের অস্তিত্ব পায়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, নদীর এই অংশ দিয়ে গ্যাসলাইনের পাইপ রয়েছে। সেই পাইপে ফাটল বা বিস্ফোরণ হওয়ায় এই ফোয়ারার সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে নদীতে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ওই এলাকায় গ্যাস ও বিদ্যুতের লাইন বন্ধ করে দেওয়া হয়েছে।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন জানান, নদীর ওই অংশে পাইপের কোনো জোড়া খুলে যেতে পারে। গ্যাসলাইন বন্ধ করে দেওয়ায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।

