নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁওয়ে নাজমা বেগম (২০) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকাল সাড়ে ৭টায় পশ্চিম নাকাল পাড়ার ১৯৬ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।তেজগাঁও থানার উপপরিদর্শক মোমিন আহমদ ভূঁইয়া জানান, নাজমার বাবা খবর দিলে পুলিশ গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামী হরুনুর রশিদকে আটক করা হয়েছে।
নাজমার মা নিলুফা বেগম জানান, ১০ মাস আগে হারুনুর রশিদের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের তিন মাস পর হারুনুর রশিদ উধাও হয়ে যায়। পরে তাকে তার গ্রামের বাড়িতে পাওয়া যায়। হারুনকে ঢাকা আসতে বললে সে ঢাকায় আসে। তবে বিদেশ যাওয়ার জন্য সাড়ে তিন লাখ টাকা দাবি করে।
তিনি বলেন, `যৌতুকের দাবিতে হারুন নাজমাকে নির্যাতন করত। গতকাল রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে সে নাজমাকে মারধরও করে। আজ সকালে ফ্যানের সঙ্গে নাজমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আমার থানায় ফোন দিয়ে জানাই।’ নাজমার বাবার বাড়ি নরসিংদীর রায়পুরায়।

