বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী তন্নিষ্ঠা চ্যাটার্জি। সম্প্রতি একটি কমেডি শোয়ের অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত বর্ণবাদের অভিযোগ তুলে সেই টিভি কমেডি শোয়ের নিন্দা জানিয়েছেন এ অভিনেত্রী। পার্চড সিনেমার প্রচারের জন্য ভারতীয় টিভি চ্যানেল কালার্সের কমেডি শো ‘কমেডি নাইট বাঁচাও’-এ অতিথি হয়ে হাজির হয়েছিলেন তন্নিষ্ঠা। সেখানে শরীরের রঙ নিয়ে তাকে বিদ্রূপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার শরীরের রঙ নিয়ে বিদ্রূপের জবাব দিয়েছেন তিনি। আনইন্ডিয়ান সিনেমা খ্যাত এ অভিনেত্রী মনে করেছিলেন কমেডি শোয়ে পশ্চিমা দেশগুলোর মতোই মজা এবং বিদ্রূপ করা হবে। কিন্তু পরবর্তীতে তাকে যেভাবে বিদ্রূপ করা হয় তা তিনি আশা করেননি।
এ প্রসঙ্গে তিনি বলেন, “তারা আমাকে নিয়ে বিদ্রূপ করার একটি বিষয়ই খুঁজে পেয়েছেন তা হলো-আমার শরীরের রঙ। ‘আপনার কী জাম অনেক পছন্দ? ছোটবেলায় কত জাম খেয়েছেন?’ বলে তারা এটি শুরু করে। এমন জ্ঞানহীন বর্ণবাদী কনটেন্টের মাঝে আমার মনে হয়নি ২০১৬ সালে আমি মুম্বাইয়ের কোনো জাতীয় টিভি চ্যানেলের স্টুডিওতে বসে আছি।”
তন্নিষ্ঠা মনে করেছিলেন অনুষ্ঠানের পরবর্তীতে অংশে হয়তো বর্ণবাদের বিষয়টি পরিবর্তন হবে কিন্তু পরবর্তীতেও তার শরীরের রঙ নিয়ে বিদ্রূপ চলতে থাকে। শেষ পর্যন্ত অনুষ্ঠান ছেড়ে চলে যান তন্নিষ্ঠা।
ফেসবুকের পোস্টে এ অভিনেত্রী জানিয়েছেন, বর্ণবাদ ভারতীয় সমাজ ব্যবস্থার শিকড়ে রয়েছে। আর সমাজের এই বিশ্বাসের চ্যালেঞ্জ তার পার্চড সিনেমাটি।

