বিনোদন ডেস্ক : করণ জোহর পরিচালিত অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় দেখা যাবে ঐশ্বরিয়া রাই বচ্চন এবং রণবীর কাপুরের রসায়ন। এরই মধ্যে সিনেমার গান এবং ট্রেইলারে এ জুটির রসায়নে মুগ্ধ দর্শক।
এদিকে সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে প্রায় ১৮ বছর আগের রণবীর এবং ঐশ্বরিয়ার একটি ছবি। সে সময় বলিউডে নতুন মুখ ছিলেন ঐশ্বরিয়া। অন্যদিকে রণবীর ছিলেন কিশোর।
ছবিটি তোলা হয় পরিচালক হিসেবে ঋষি কাপুরের প্রথম সিনেমা আ আব লুট চালে’র সেটে। সিনেমাটিতে ঐশ্বরিয়ার বিপরীতে অভিনয় করেছিলেন অক্ষয় খান্না। এ সিনেমায় সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন রণবীর। সিনেমাটির শুটিং হয়েছিল যুক্তরাষ্ট্রে।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে ছবিটি প্রকাশ করেছেন আ আব লুট চালে সিনেমার চিত্রনাট্যকার রুমি জাফরি। ছবির ক্যাপশন তিনি লিখেছেন, ‘অনেকদিন আগে যুক্তরাষ্ট্রে ছবিটি তুলেছিলাম। রণবীর জানতে চেয়েছিল তাদের দুজনকে কেমন লাগছে। এখন তোমরা দুজনেই একসঙ্গে অভিনয় করছ এবং দুজনকেই অনেক ভালো লাগছে। আমি দোয়া করি সিনেমাটি সুপারহিট হবে।’
ঐশ্বরিয়া রাই বচ্চন, রণবীর কাপুর, আনুশকা শর্মা এবং ফাওয়াদ খানকে নিয়ে করণ জোহর নির্মাণ করেছেন অ্যায় দিল হ্যায় মুশকিল। সিনেমাটিতে আরো অভিনয় করছেন ইমরান আব্বাস নাকভি। এ ছাড়া একটি ক্যামিও দৃশ্যে দেখা গেছে লিসা হেইডনকে। আগামী ২৮ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। একই দিনে মুক্তি পাবে অজয় অভিনীত শিবে সিনেমাটি।

