নিজস্ব প্রতিবেদক : ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন না করার দাবিতে রোডমার্চ করবে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। আগামী ২ থেকে ৫ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে কুড়িগ্রাম অভিমুখে এ কর্মসূচি পালন করবে তারা।
বৃহস্পতিবার বাসদ কার্যালয়ের নির্মল সেন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্তী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আন্তঃনদী সংযোগ প্রকল্পের নামে আন্তর্জাতিক নদী ব্রহ্মপুত্র ও গঙ্গা থেকে পানি প্রত্যাহারের পরিকল্পনা করছে ভারত। বন্ধুত্বের কথা বলে দেশটি অভিন্ন নদীর পানির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে বাংলাদেশকে।
তিনি বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য, ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট, রামপালের বিদ্যুৎ প্রকল্প, বিদ্যুৎ ও গ্যাস করিডোরসহ অর্থনৈতিক স্বার্থসংশ্লিষ্ট সমস্ত ক্ষেত্রগুলোতে ভারত আধিপত্য বিস্তার করছে। অথচ এসব বিষয়ে মহাজোট সরকার নীরব ভূমিকা পালন করছে।
এ সময় তিনি ২ থেকে ৫ অক্টোবর পর্যন্ত চারদিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে-
২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে সকাল ১০টায় উদ্বোধনী সমাবেশ, শেরপুরে পথসভা, সন্ধ্যায় বগুড়ার সাতমাথায় সমাবেশ।
৩ অক্টোবর মহাস্থানগড়, মোকামতলা, গোবিন্দগঞ্জে পথসভা। গাইবান্ধা পৌর শহীদমিনার চত্বরে বিকেল ৫টায় জনসভা।
৪ অক্টোবর দাড়িয়াপুর, ধর্মপুর, শোভাগঞ্জ ও সুন্দরগঞ্জে পথসভা। রংপুর পায়রা চত্বরে বিকেল ৫টায় জনসভা।
৫ অক্টোবর সাতমাথা, কাউনিয়া, তিস্তা, সিংগেরডাবরি ও রাজারহাটে পথসভা। কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিকেল ৪টায় সমাপনী জনসভা।
আন্তর্জাতিক নদী ব্রহ্মপুত্র ও গঙ্গা থেকে পানি সরিয়ে নিয়ে যাওয়া হবে ভারতের খরাপ্রবণ এলাকায়। অনেকদিন ধরে এ সংক্রান্ত প্রকল্প প্রস্তাবনা আকারে থাকলেও ভারত তা বাস্তবায়ন করবে বলে সম্প্রতি বিজেপি সরকারের পানিসম্পদ মন্ত্রী উমা ভারতি গণমাধ্যমকে ঈঙ্গিত দিয়েছেন। এ প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

