বিনোদন ডেস্ক : ‘প্যারিসের চিঠি’ নিয়ে বর্তমানে ফ্রান্সের প্যারিসে অবস্থান করছেন অভিনয়শিল্পী ইমন ও হৃদি শেখ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) থেকে প্যারিসে নতুন এই ধারাবাহিক নাটকের শুটিং শুরু হয়েছে।
৩২ পর্বের ‘প্যারিসের চিঠি’ শিরোনামের নাটকটি রচনা করেছেন, সাগরে নিখোঁজ নাট্যকার ফারুক হোসেন। নাটকটি পরিচালনা করছেন স্বপন আহমেদ। শুটিংয়ে অংশ নিতে গত ১৮ সেপ্টেম্বর প্যারিসে গিয়েছেন হৃদি। আর গত ২১ সেপ্টেম্বর প্যারিস পৌঁছান ইমন।
প্যারিসের বিভিন্ন বাড়ি, রেস্তোরাঁ, বুটিকস, কমিউনিটি মিলনায়তন, মেট্রোসহ বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণের কাজ হবে। সেখানে টানা ১৭ দিন শুটিং অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। হৃদি-ইমন ছাড়াও এতে আরো অভিনয় করছেন সোহেল খান। এছাড়া প্রবাসী বাংলাদেশি তিন তরুণী এবং ব্যবসায়ী সাব্বির আহমেদও অভিনয় করছেন। নির্মিতব্য এই ধারাবাহিকটি চ্যানেল আইতে প্রচারিত হবে।
‘চ্যানেল আই সেরা নাচিয়ে’র তৃতীয় আসরের বিজয়ী হৃদি শেখ। গত ঈদুল ফিতরে ‘হাত বাড়িয়ে দাও’ শিরোনামের টেলিফিল্মের মাধ্যমে হৃদির অভিনয়ে অভিষেক ঘটে। কিছুদিন আগে ‘অতিক্রম’ শিরোনামের টেলিফিল্মে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন ইমন-হৃদি।

