মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে পুলিশের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী।মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ বিয়ের আসর থেকে বর ও কনেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে পাঠায়।পরে ছেলে ও মেয়ের অভিভাবকরা মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে আসেন।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় মিন্টু মিয়া তার ১৩ বছরের মেয়ের বিয়ের আয়োজন করছিলেন। বিয়ের বর ছিল সিংগাইর উপজেলার ধল্লা গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে সেলিম। খবর পেয়ে পুলিশ ওই বিয়েবাড়ি থেকে বর ও কনেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদত খন্দকার বলেন, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ওই শিক্ষার্থীর বিয়ে দেওয়া হবে না- অভিভাবকদের এমন অঙ্গীকারে বর-কনেকে ছেড়ে দেওয়া হয়েছে।

