বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক সাইমন সাদিক ও মিষ্টি জান্নাত। ভারতের দার্জিলিংয়ে এখন তারা রোমান্স করছেন।
তবে বাস্তবে নয় ‘তুই আমার’ সিনেমার রোমান্টিক গানের দৃশ্যে সাইমন-মিষ্টিকে রোমান্স করতে দেখা যাবে। সজল আহমেদ পরিচালিত এ সিনেমার টাইটেল গান ‘ওরে প্রিয়া’ এর দৃশ্যধারণের কাজ হচ্ছে। এ গানে কণ্ঠ দিয়েছেন সান, মা লক্ষ্মী ও আকৃতি। গানের মিউজিক করেছেন শ্রী প্রিতম।
এ প্রসঙ্গে দার্জিলিং থেকে মিষ্টি জান্নাত বলেন, ‘দার্জিলিংয়ে ‘তুই আমার’ সিনেমার টাইটেল গানসহ আরো একটি গানের দৃশ্যধারনের কাজ হবে। এখানে পাঁচদিন শুটিং করব। শুটিং শেষে আগামী ২১ সেপ্টেম্বর শুটিং ইউনিট ঢাকায় ফেরার কথা রয়েছে। আশা করছি, গান দুটির কাজ ভালো হবে।’
তিনি আরো বলেন, ‘দার্জিলিংয়ের আকাশ এখন মেঘাচ্ছন্ন। তাই শুটিং করতে একটু বিলম্ব হচ্ছে। কিছুক্ষণ পরই হয়তো শুটিং শুরু করতে পারব। এখানে লোকেশন খুব ভালো। দর্শক দেখে মুগ্ধ হবেন।’
কলকাতার প্রলয় ভট্টাচার্যের চিত্রনাট্যে এ সিনেমার দুটি গান ছাড়া ইতোমধ্যে বাকী শুটিং শেষ হয়েছে। সবগুলো গানের সংগীতায়োজন করছেন কলকাতার শ্রী প্রিতম। নৃত্য পরিচালনা করছেন কলকাতার শঙ্ক রায়া ও বাংলাদেশের মাসুম বাবুল।

