ঢাকাTuesday , 20 September 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় ত্রাণের গাড়িবহরে ‘বিমান হামলা’

Link Copied!

syriaআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় ত্রাণের গাড়িবহরে সন্দেহভাজন বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি শেষ হওয়ার পর সোমবার আবার যুদ্ধ ছড়িয়ে পড়েছে। আলজাজিরা অনলাইনে বলা হয়েছে, সিরিয়া অথবা রাশিয়া এ বিমান হামলা চালিয়েছে। বিবিসি অনলাইনে বলা হয়েছে, জাতিসংঘের একজন মুখপাত্র জানিয়েছেন, ৩১টি ত্রাণবাহী গাড়ির মধ্যে ১৮টি আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে বিমান হামলায় এ ঘটনা ঘটেছে কি না, তিনি নিশ্চিত নন। এতে ১২ জন নিহত হয়েছে।
লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আলেপ্পো শহরের মধ্যে ও আশপাশে সোমবার বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৩২ জন। তারা জানিয়েছে, আলেপ্পো শহরের পশ্চিমাঞ্চলে উরম আল-কুবরায় ত্রাণ বিতরণের কাজে থাকার সময় বিমান হামলার শিকার হয় ত্রাণের গাড়িবহর। এ সময় ১২ জন নিহত হয়।
সিরিয়ান রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, তাদের নিয়ন্ত্রণে থাকা ত্রাণের গাড়িগুলো বিমান হামলার শিকার হয়েছে। যুদ্ধবিরতি শেষ হওয়ায় আলেপ্পো প্রদেশে বিমান হামলা শুরু হয়।
সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফান ডি মিস্তুরা বিমান হামলার কঠোর নিন্দা করেছেন। তিনি বলেন, ‘এ হামলায় আমরা ভীষণ ক্ষুব্ধ। বিচ্ছিন্ন মানুষগুলোকে বাঁচাতে দীর্ঘদিনের প্রচেষ্টায় এ গাড়িবহর পাঠানো হয়েছে।’
সিরিয়ার সরকারপন্থি সামরিক বাহিনী সোমবার ঘোষণা দেয়, রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ। তবে যুদ্ধবিরতি ভঙ্গের জন্য সরকার ও বিদ্রোহীরা পরস্পরকে দায়ী করছে।
২০১১ সালে শুরু হওয়া সিরিয়া গৃহযুদ্ধের পাঁচ বছরে প্রথমবার রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত উদ্যোগে যুদ্ধবিরতি কার্যকর হয়, যা এক সপ্তাহে শেষ হয়েছে। সিরিয়ার অবরুদ্ধ এলাকাগুলোতে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে মানুষ।