
নিজস্ব প্রতিবেদক : হজের পর সোমবার সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে। ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে মহান আল্লাহর উদ্দেশে পশু কোরবানি দিয়েছেন তাঁরা। সৌদি আরবে এবার প্রায় ১৮ লাখ মুসল্লি হজ পালন করেছেন। হজের অংশ হিসেবে আজ তাঁরা শয়তানকে লক্ষ্য করে প্রতীকী পাথর ছুড়ে মেরেছেন।
ইরাকের রাজধানী বাগদাদসহ দেশের বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে আজ সকাল হতে না হতেই মসজিদমুখী হাজারো মুসল্লির ঢল নামে রাস্তায়। মিসরের রাজধানী কায়রোর আল-সিদ্দিক মসজিদে কয়েক হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেছেন। নামাজের পর মসজিদের বাইরে এ উৎসবকে আনন্দঘন করতে রংবেরঙের হাজারো বেলুন বিতরণ করা হয় নামাজ আদায়কারী মুসল্লিদের মধ্যে।
ইন্দোনেশিয়ার জাকার্তার ইস্তেকলাল মসজিদে ঈদের বিশাল জামাতে অংশ নেন মুসল্লিরা। জাকার্তার বিভিন্ন রাস্তায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত। ঈদ উৎসবে মাতেন ফিলিপাইনের তাগুইত সিটির মুসলিমরা। বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সঙ্গে ঈদ উদ্যাপন করেছেন ফ্রান্সের মুসলমানেরা। দক্ষিণ ফ্রান্সের মার্সেই নগরের কনভেনশন হলে ঈদের বিশেষ জামাতে অংশ নেন মুসল্লিরা। চীনের সাংহাইয়ে মসজিদের বাইরে বিশাল জামাত অনুষ্ঠিত হয়েছে। কাজাখস্তানের আল মাতের কেন্দ্রীয় মসজিদে দেশের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দামেস্কের শহরতলি দারাইয়ার সাদ ইবনে মুয়াজ মসজিদে নামাজ আদায় করেন। এ এলাকাটি আসাদবিরোধী বিদ্রোহীদের কাছে থেকে কিছুদিন আগে পুনরুদ্ধার করা হয়। প্রায় চার দশক হলো যুদ্ধ আর সহিংসতার কবলে থাকা আফগানিস্তানে উদ্যাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। বয়ে নিয়ে আসে শান্তির সুবাতাস। যুদ্ধ আর সংঘাতে বিপর্যস্ত লাখো আফগান আজকের এই আনন্দের দিনে প্রার্থনা করেছেন শান্তির জন্য। তাঁদের প্রত্যাশা, বছরের প্রতিটি দিন যেন ঈদের ছুটির এই তিন দিনের মতো হয়। আজ কাবুলের রাস্তাঘাট প্রায় ফাঁকা ছিল। অনেক জায়গায় হামলার আশঙ্কায় চলেছে সেনা তল্লাশি। অনেক মসজিদে সকালে পুলিশের প্রহরা দেখা গেছে। গত মাসে আফগানিস্তানে মার্কিন বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল চার্লস ক্লিভল্যান্ড বলেন, ২০১৫ সালের তুলনায় এ বছরের প্রথম আট মাসে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়েছে অন্তত ২০ শতাংশ।
তবে ঈদের দিন শান্তির একটি বার্তা শুনিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। বলেছেন, দেশটির দ্বিতীয় বৃহত্তম ইসলামি জঙ্গি গোষ্ঠী হেজব-ই-ইসলামির সঙ্গে শিগগিরই একটি শান্তিচুক্তি হচ্ছে। প্রেসিডেন্ট ঘানি বলেন, ‘শান্তি আফগানিস্তানবাসীর সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয়। শান্তির জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ।’ ।
আজ ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে শ্রীলঙ্কা, সুদান, নাইজেরিয়া, কসোভো, রাশিয়াসহ বিভিন্ন দেশে।

