
নিজস্ব প্রতিবেদক : রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, পর্যায়ক্রমে সারা দেশ রেলের আওতায় আনা হবে। ইতোমধ্যে সেই পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশনে মোহনগঞ্জ ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বিগত সরকারের সময় রেলের উন্নয়নে তেমন কাজ হয়নি। কিন্তু বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর রেলের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসেবে বিভিন্ন সময় নতুন রুটে ট্রেনের যাত্রা শুরু হয়েছে। ইতোমধ্যে হাওর এলাকাসহ কয়েকটি এলাকায় নতুন ট্রেন চালু হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে রেলের উন্নয়নে কাজ চলছে। নেওয়া হয়েছে নানা প্রকল্প। বরিশাল থেকে পায়রা বন্দর পর্যন্ত রেল যোগাযোগের পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে ট্রেনের সেবা বঞ্চিত এলাকাও এই পরিকল্পনার আসবে। যা বর্তমান সরকারের আগামী আড়াই বছরে শেষ করা হবে।’
পরে তিনি মোহনগঞ্জ ট্রেনে ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রতিদিন দুপুর ২-২০ মিনিটে ট্রেনটি মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে। এতে নতুন ১৪ বগি সংযোজন করা হয়েছে। যাত্রীর সর্বোত্তম সেবার কথা মাথায় রেখে ট্রেনটি ঢেলে সাজানো হয়েছে বলে স্টেশন কর্তৃপক্ষ সাংবাদিকদের জানান।

