বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের ‘ইতিহাস’ খ্যাত চিত্রনায়ক কাজী মারুফ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ চিত্রনায়ক নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে বর্ষীয়ান পরিচালক ছটকু আহমেদের ‘দলিল’ সিনেমায় কাজ করছেন তিনি। তবে এ নিয়ে মারুফের রয়েছে ভিন্ন মত। তিনি এখনো এ সিনেমায় চুক্তিবদ্ধ হননি বলে জানিয়েছেন মারুফ।
এ প্রসঙ্গে কাজী মারুফ বলেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যমে দেখেছি আমি দলিল সিনেমায় কাজ করছি। সিনেমাটির পরিচালক ও প্রযোজক বেশ কয়েকবার আমার সঙ্গে মিটিং করেছেন। সিনেমার গল্পও ভালো। কিন্তু এখন পর্যন্ত চুক্তিবদ্ধ হইনি। তবে কাজটি করব কিনা তা এখনো বলতে পারছি না। যতক্ষণ পযর্ন্ত চুক্তিবদ্ধের টাকা না পাব ততক্ষণ পযর্ন্ত কিছুই বলতে পারছি না।’
এদিকে পরিচালক ছটকু আহমেদ বলেন, ‘দলিল সিনেমার চারটি গানের রেকডিং শেষ হয়েছে। আগামী মাসের শুরুতে শুটিং শুরু করব। এ সিনেমায় কাজী মারুফ, মৌমিতা, শিপন, তানিয়া বৃষ্টি, মিশা সওদাগর অভিনয় করবেন। এর মধ্যে শুধু কাজী মারুফকে এখনো চুক্তিবদ্ধ করানো হয়নি। খুব শিগগিরই তাকেও চুক্তিবদ্ধ করানো হবে।
গত ১২ আগস্ট মারুফ-মৌমিতা জুটির ‘মাস্তানি’ শিরোনামের সিনেমাটি সারাদেশে মুক্তি পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন ফিরোজ খান প্রিন্স। এ ছাড়া মারুফ অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

