বিনোদন ডেস্ক : সোফায় বসে সুঁই-সুতার কাজ করছেন খালেদা আক্তার কল্পনা। তার সামনে দাঁড়িয়ে ছেলে আশফাক রানা। এ সময় খালেদা বলেন, ‘এই তোকে যে বলেছিলাম- আমার বান্ধবীর মেয়ে কিন্তু এসে গেছে।’
মায়ের কথা শুনে কিছুটা বিরক্ত হয়ে চলে যায় আশফাক। এমন সময় দরজার পর্দা সরিয়ে ঢুকে সায়রা আক্তার জাহান। রূপবতী সায়রাকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আশফাক। তখনই ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে ‘নিশি রাতে চান্দের আলো’ শিরোনামের গানটি।
বলছি, এ সময়ের সংগীতশিল্পী ইমরানের গাওয়া ‘নিশি রাতে চান্দের আলো’ শিরোনামের গানের মিউজিক ভিডিওর কথা। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। প্রকাশের পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ৭৪ হাজারবার দেখা হয়েছে গানটি।
রোমান্টিক ঘরানার এই গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। এতে মডেল হয়েছেন, খালেদা আক্তার কল্পনা, আশফাক রানা, সায়রা আক্তার জাহান ও ইমরান।

