স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুকের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা কেটে গেল। বাংলাদেশে আসবেন বলে নিশ্চিত করেছেন কুক। এমন খবর দিয়েছে ইংলিশ দৈনিক ডেইলি মেইল। কুকের বাংলাদেশে আসা নিশ্চিত হলেও ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক এউইন মরগান এখন পর্যন্ত সফরের ব্যাপারে নিশ্চয়তা দেননি।
বাংলাদেশ সফরের ব্যাপারে গত বৃহস্পতিবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সবুজসংকেত দিলেও কুককে নিয়ে ছিল সংশয়।
সেপ্টেম্বরের শেষ দিকে দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন কুক। এ কারণেই ধারণা করা হচ্ছিল, স্ত্রী অ্যালিসের পাশে থাকতে বাংলাদেশ সফরে নাও আসতে পারেন তিনি। তবে দলের প্রয়োজনে শেষ পর্যন্ত বাংলাদেশে আসছেন ইংলিশদের টেস্ট অধিনায়ক।
তবে ওয়ানডে অধিনায়ক মরগানসহ বেশ কিছু খেলোয়াড় বাংলাদেশে আসা নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন। সোমবার ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেট জানান, পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের পর পরিবারের সঙ্গে কথা বলে সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের টি-টোয়েন্টি পর্ব শেষ হওয়ার পরপরই বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করবে ইসিবি। এর আগেই মরগানের কাছ থেকে তার চূড়ান্ত সিদ্ধান্তটা জানতে চাচ্ছে তারা।
এর আগে ইসিবির পরিচালক ও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস জানিয়েছিলেন, বাংলাদেশ সফরের জন্য কাউকে জোর করা হবে না। তবে পুরো শক্তির ইংল্যান্ড দলই বাংলাদেশ সফর করবে বলে বিশ্বাস তার।
আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড দল। ৭ অক্টোবর মিরপুরে হবে প্রথম ওয়ানডে। বাংলাদেশ সফরে তিনটি করে প্রস্তুতি ও ওয়ানডে ম্যাচের পাশাপাশি দুটি টেস্ট খেলবে ইংল্যান্ড।

