স্পোর্টস ডেস্ক : ২০১৫ সালের জুলাইয়ে হাম্বানটোটায় ১১তম ও সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করেছিলেন তিলকরত্নে দিলশান। আজ ডাম্বুলায় জীবনের শেষ আন্তর্জাতিক ওয়ানডে ইনিংসটি খেলে ফেললেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান।
দশ হাজারি ক্লাবের কোনো ব্যাটসম্যানকে আর ব্যাট হাতে দেখা যাবে না!
জীবনের শেষ ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দিলশান আউট হয়েছেন ৪২ রানে। ১০২৯০ রান নিয়ে ওয়ানডে ক্যারিয়ার শেষ করলেন দিলশান। ওয়ানডেতে দিলশানের চেয়ে বেশি রান আছে আর দশজনের। এর মধ্যে তিনজনই শ্রীলঙ্কার- কুমার সাঙ্গাকারা, সনাৎ জয়াসুরিয়া ও মাহেলা জয়াবর্ধনে।
দিলশানের ওয়ানডে অভিষেক ১৯৯৯ সালে। বুলাওয়েতে অভিষেকে জিম্বাবুয়ের বিপক্ষে ছয় নম্বরে নেমে করেছিলেন ৩৫ রান। এরপর অনেকটা সময়ই মিডল অর্ডারে খেলেছেন। তবে টপ অর্ডারে উঠে এসেই নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। ২০০৯ সাল থেকে নিয়মিত খেলেছেন ওপেনিংয়ে। ১৭ বছরের ওয়ানডে ক্যারিয়ারে সেঞ্চুরি করেছেন মোট ২২টি, যা শ্রীলঙ্কার পক্ষে চতুর্থ সর্বোচ্চ।
টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন বছর তিনেক আগে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই বিদায় নেবেন ৩৯ বছর বয়সি দিলশান। ৯ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে দ্বিতীয় শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

