হবিগঞ্জ প্রতিনিধি : জেলার মাধবপুর উপজেলার হরিশ্যামা পালপাড়া থেকে আক্তার হোসেন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি ওই গ্রামের আনু মিয়ার ছেলে। শুক্রবার দুপুরে মাধবপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
পরিবারের লোকজন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আক্তারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে স্থানীয় লোকজন ওই গ্রামের একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তাদির হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

