গাজীপুর প্রতিনিধি : বেতন-বোনাস পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শ্রমিকরা।
বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকায় হানিওয়েল গার্মেন্টস লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে।
শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত জুন মাস থেকে আগস্ট মাস পর্যন্ত শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বেনাস সম্পূর্ণ পরিশোধ না করে গত ১ আগস্ট কারখানা বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। এরপর থেকে ওই কারখানার প্রায় ছয়শ’ শ্রমিক প্রতিদিন কারখানার সামনে গিয়ে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে।
বার বার কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা পরিশোধ করেনি। আজ কারখানা কর্তৃপক্ষ পাওনা পরিশোধ করার প্রতিশ্রুতি দিলেও তা পরিশোধ না করলে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল খালেক সাংবাদিকদের জানান, গত ঈদেও শ্রমিকদের পাওনা পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এ নিয়ে তখন শ্রমিকরা বিক্ষোভ করলে তাদের গড়ে দেড়/দুই হাজার করে টাকা দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।
এরপর কারখানা কর্তৃপক্ষ একাধিকবার পাওনা পরিশোধের আশ্বাস দিলেও তা রক্ষা করেননি। পরে গত ১ আগস্ট কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করে কারখানার ফটকে নোটিশ টানিয়ে দেয়। পরদিন শ্রমিকরা কারখানায় গিয়ে বন্ধের নোটিশ দেখে বিক্ষুদ্ধ হয় এবং পাওনা আদায়ে আন্দোলনের কর্মসূচি দেয়।
সবশেষে আজ সকাল ১০টার দিকে তাদের পাওনা পরিশোধ করার প্রতিশ্রুতি দিলেও দুপুর পর্যন্ত মালিক তা পরিশোধ করেনি। পরে তারা কারখানার সামনে বিক্ষোভ ও আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে।
এ রিপোর্ট লেখার সময় (দুপুর দেড়টা) শ্রমিকরা কারখানার পাশে খোলা মাঠে ও সড়কে অবস্থান করছিল।

