বিনোদন প্রতিবেদক : কণ্ঠশিল্পী সাবরিনা হক সাবা। ‘মন আঙিনা’ শিরোনামের নতুন একটি গানে কণ্ঠ দিলেন তিনি। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তারেক হা মিম। নির্মিত হয়েছে এ গানের মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন সুপার হিরো সাগর ও নাসা।
গানটির কথা লিখেছেন হা মিম। সুর ও সংগীতায়োজন করেছেন অনিক সাহান। গত ১৫ আগস্ট ইউটিউবে প্রকাশিত হয়েছে এই মিউজিক ভিডিওটি। এ মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
এ প্রসঙ্গে সাবা বলেন, ‘মন আঙিনা শিরোনামের এই গানে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ট্যালেন্টেড গায়ক হা মিম। প্রাকৃতিক লীলাভূমি বান্দরবানে মিউজিক ভিডিওর দৃশ্য ধারণের কাজ হয়েছে। সিনেমাটিকভাবে নির্মিত এই ভিডিওটি সবার ভালো লাগবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি৷’
সাবরিনা হক সাবা শিশুশিল্পী হিসেবে পেয়েছেন বেশ কয়েকটি জাতীয় পুরস্কার। প্রার্থনা অ্যালবামে গানের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর ‘ডুব’, ‘মনেরই আকাশ’, ‘রোমিও জুলিয়েট’, ‘সুখপাখি’, ‘পাঁজরের মাঝে’, ‘জনম জনম তোমাকে’ অ্যালবামে গান করেন। সাবার সর্বশেষ প্রকাশিত অ্যালবাম ‘অনলি সাবা টু’। অ্যালবামটি বাজারে নিয়ে আসেন সংগীতা।

