বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। দীর্ঘদিন ধরে বিরতিহীনভাবে অভিনয় করছেন এই অভিনেতা। প্রতিবছর ঈদ এলেই তার অভিনীত বেশ কিছু নাটক টেলিভিশনে প্রচারিত হয়। সেই ধারাবাহিকতায় ঈদুল আজহাতেও তার অভিনীত বেশ কিছু নাটক বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হবে।
‘শত্রু’ শিরোনামের ছয় পর্বের ঈদের নাটকের কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন মোশাররফ করিম। এ নাটকে তাকে একজন ধনবান ব্যক্তির ছেলের চরিত্রে দেখা যাবে। আর বাবার কথা রাখতে গিয়ে তার সঙ্গে ১৩ জন লোকের শত্রুতা তৈরি হবে। নাটকটি পরিচালনা করছেন রাফাত মজুমদার রিংকু। সঙ্গে আলাপকালে এ তথ্য জানান এই নির্মাতা।
নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, ‘এ নাটকে মোশাররফ করিম রহমত চরিত্রে অভিনয় করছেন। তার বাবা মৃত্যুর পূর্বে তাকে বলে যান- রেখে যাওয়া ১০০ কোটি টাকা গ্রামের লোকজনদের দান করে দিতে। এ টাকা দান করতে গিয়ে মোশাররফ করিমের সঙ্গে ১৩ জন লোকের শত্রুতা তৈরি হবে। এ শত্রুদের নির্মূল করে এই টাকা দান করতে হবে। মৃত্যুর পরে মোশাররফ করিম যখন টাকা দানের কথা গ্রামের লোকজনদের বলেন, ঠিক তার পর থেকে ১৩ জন লোকের সঙ্গে তার শত্রুতা তৈরি হয়। পরবর্তী সময়ে মোশাররফ করিম চিন্তা করেন- এসব লোক তার শত্রু নয়, তাদের মধ্যে লোভ, হিংস্রতা বিরাজ করছে। তাদের মধ্যে বিরাজমান এই স্বভাবগুলোও তার মধ্যে রয়েছে। তারপর নিজেকে লোভ, হিংস্রতা থেকে বিরত রাখেন মোশাররফ। এভাবেই এগিয়ে গেছে নাটকের গল্প।’
তিনি আরো বলেন, ‘গত ১৫ আগস্ট থেকে পুবাইলের বিল বিলা শুটিং স্পটে “শত্রু” নাটকের শুটিং শুরু করেছি। এ লটের শুটিং আজ শেষ হবে। এরপর এক দিনের শুটিং করলেই পুরো নাটকের শুটিং শেষ হবে।’
রেজওয়ান খানের চিত্রনাট্যে এ নাটকে মোশাররফ করিম ছাড়াও আরো অভিনয় করছেন শামীম জামান, ফারুখ আহমেদ, নওশবা, জুঁইসহ আরো অনেকে।

