স্পোর্টস ডেস্ক : ডারবান টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ২৬৩ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে না পারলেও প্রোটিয়াদের হয়ে বোলিংয়ের শুরুটা ভালো করেছেন পেসার ডেল স্টেইন।
ডানহাতি এই পেসার সফরকারী শিবিরের দুই ওপেনারকে সাজঘরে ফেরান ১১ বলের ব্যবধানে। স্টেইনের তোপে নিউজিল্যান্ড কিছুটা পিছিয়ে পড়ে। কিন্তু বেশিক্ষণ স্টেইন তার আগ্রাসন দেখাতে পারেননি।
বৃষ্টিতে শনিবার দ্বিতীয় দিন প্রথম ইনিংসে মাত্র ১২ ওভার ব্যাটিং করে কিউইরা। এ সময়ে ১৫ রানে ২ উইকেট হারায় তারা। দুই অপরাজিত ব্যাটসম্যান কেন উইলিয়ামসন (২) ও রস টেলর (২) তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন।
এর আগে ৮ উইকেটে ২৩৬ রান নিয়ে কাগিসো রাবাদা ও ডেল স্টেইন দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন। বৃষ্টিতে দিনের শুরুতেই খেলা বন্ধ ছিল। মাঠে বল গড়ানোর পর বেশিদূর এগোতে পারেননি প্রোটিয়াদের ইনিংস। রাবাদার অপরাজিত ৩২ রানের সুবাদে অলআউট হওয়ার আগে ২৬৩ রান সংগ্রহ করে স্বাগতিক দল।
জবাবে ব্যাটিং করতে নেমে দলীয় ৭ রানে লাথামকে হারায় কিউইরা। স্টেইনের বলে স্লিপে আমলার হাতে ক্যাচ দেন ৪ রান করা লাথাম। এরপর মার্টিন গাপটিল স্টেইনের বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন।
৬ ওভারের ওই স্পেলে ৪টি মেডেন নেন স্টেইন। ৩ রানে নেন ২ উইকেট। এরপর বৃষ্টির দাপটে খেলা আর মাঠে গড়ায়নি।

