স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে জাদুকরি ফুটবল উপহার দিয়েই চলেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তার জোড়া গোলেই সাউথাম্পটনকে ২-০ ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে হোসে মরিনহোর দল।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের হয়ে তিন ম্যাচে ইব্রাহিমোভিচের গোল হলো চারটি।
শুক্রবার রাতে এই ম্যাচ দিয়েই ইউনাইটেডের হয়ে দ্বিতীয় অভিষেক হয় পল পগবার। ফরাসি মিডফিল্ডার পুরো ৯০ মিনিট খেলে গোল না পেলেও দ্বিতীয় অভিষেকটা জয় দিয়েই রাঙিয়ে রাখলেন।
ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ৩৬ মিনিটে দুর্দান্ত হেডে ইউনাইটেডকে এগিয়ে দেন ইব্রাহিমোভিচ। ডান দিক থেকে ওয়েইন রুনির ক্রসে ছুটে এসে মাথা ছোঁয়াতে পারেননি পগবা। তবে ইব্রা ব্যর্থ হননি, দুর্দান্ত হেডে বল জড়িয়ে দেন সাউথাম্পটনের জালে। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে ওল্ড ট্র্যাফোর্ডের ৭৫ হাজার দর্শক।
প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে ইউনাইটেডের জালে বল পাঠিয়ে দিয়েছিল সাউথাম্পটন। কিন্তু অফসাইডের কারণে গোল মেলেনি।
উল্টো এক মিনিট পরেই ইউনাইটেডকে পেনাল্টি উপহার দেয় অতিথিরা। জর্ডি ক্লাসি নিজেদের ডি বক্সে ইউনাইটেডের লুক শকে অহেতুক ফাউল করে বসেন। পেনাল্টি থেকে নিজের জোড়া গোল পূর্ণ করে ব্যবধান দ্বিগুণ করেন ইব্রাহিমোভিচ। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

