স্পোর্টস ডেস্ক : নিজেদের অলিম্পিক ইতিহাসে ছেলেদের হকিতে প্রথমবারের মতো সোনা জিতেছে আর্জেন্টিনা। ফাইনালে পিছিয়ে পড়েও বেলজিয়ামকে ৪-২ গোলে হারিয়েছে তারা।
রিও অলিম্পিকের ত্রয়োদশ দিন বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। বেলজিয়ামকে লিড এনে নেন ফরোয়ার্ড টঙ্গি।
অবশ্য এগিয়ে থাকার আনন্দ বেশিক্ষণ উপভোগ করতে পারেনি বেলজিয়ানরা। ১২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান পেদ্রো ইবারা।
তিন মিনিট পর আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ইগনাসিও অরতিজ। ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোরলাইন ৩-১ করে ফেলেন গঞ্জালো পিল্লাত।
৪৫ মিনিটে গুচিয়ের বোকার্ডের গোলে ব্যবধান কমায় বেলজিয়াম। তবে শেষ মিনিটে অগাস্টিন মাজিইর গোলে সোনা জয়ের আনন্দে মাতে আর্জেন্টিনা।
বেলজিয়াম জিতেছে রূপা। নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে জার্মানি হকি দল।

