স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলির কাঁধে ভারতের টেস্ট অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের সর্বকালের সেরা অধিনায়কের বিশ্বাস, শুধু টেস্টে নয়, ক্রিকেটের তিন ফরম্যাটেই সেরা অধিনায়ক হবে বিরাট কোহলি।
ধোনির ভাষ্য, ‘দিনে দিনে বিরাট পরিণত হয়ে উঠছে। ভারতের হয়ে প্রথম ম্যাচ থেকে শুরু করে এখন পর্যন্ত ওর পারফরম্যান্সের সূচক দিনে দিনে ওপরে উঠছে। ও প্রতি ম্যাচে ম্যাচসেরা হতে চেয়েছে। সে নিজেকে তৈরি করেছে নিজের মতো করে। নিজের ফিটনেস, ম্যাচ পরিকল্পনা সাজানো, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ওর মধ্যে দারুণভাবে কাজ করে।’
অধিনায়ক বিরাটকে নিয়ে ধোনি বলেন, ‘আইপিএলে আরসিবিকে (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার তার রয়েছে। এক বছর হলো ভারতকে টেস্টে নেতৃত্ব দিচ্ছে ও। ও নিজেকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবেই তৈরি করেছে। যেভাবে উন্নতি করছে সেভাবে ও ভারতকেও এগিয়ে নেবে। সামনে তার উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে। তিন ধরনের ক্রিকেটেই সেরা অধিনায়ক হবে কোহলি।’
ভারতের সীমিত পরিসরের অধিনায়ক ধোনি কিছুদিনের মধ্যে স্কোয়াডে যোগ দিচ্ছেন। আগামী ২৭ ও ২৮ আগস্ট যুক্তরাষ্ট্রে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। অনিল কুম্বলে ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এবারই ধোনি জাতীয় দলে যোগ দিচ্ছেন।
নতুন কোচ কুম্বলেকে নিয়ে ধোনি বলেন, ‘অনিল ভাইয়ের সঙ্গে আমি খেলেছি। আমি তার নেতৃত্বেও খেলেছি। সে স্পেশাল একজন মানুষ। সে এমন একজন মানুষ যিনি তার কাজে প্রচণ্ড পরিশ্রমী।
ক্রিকেট নিয়ে তিনি সব সময় সবার থেকে ব্যতিক্রমী চিন্তা করেন। আশা করছি, আমরা তার জ্ঞান, পরিকল্পনা, পরিশ্রমের সঠিক মূল্যায়ন করতে পারব।’

