স্পোর্টস ডেস্ক : কথায় আছে চল্লিশেই চালসে। কিন্তু মিসবাহ-উল-হক এসব কথার ধার ধারেন না।
তাইতো বয়স ৪২ পেরিয়ে গেলেও দিব্যি ক্রিকেট খেলে যাচ্ছেন। খেলে যাচ্ছেন বলে ভুল হবে; প্রভাব বিস্তার করে খেলে যাচ্ছেন।
সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে তার নেতৃত্বাধীন পাকিস্তান দল টেস্ট সিরিজ ড্র করেছে। তাই মিসবাহ-উল-হককে নিয়ে ইংলিশ সাংবাদিকদের আগ্রহ ছিল তুঙ্গে। সেই আগ্রহে তারা মিসবাহকে প্রশ্ন করে বসেন, ‘কত বছর বয়স পর্যন্ত খেলতে চাচ্ছেন?’
জবাবে পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক মিসবাহ কৌতুক করে বলেন, ‘আমি আসলে লম্বা সময়ের জন্য খেলতে প্রস্তুত। আর সেটার মধ্য দিয়ে আমি একটি বিশ্বরেকর্ড গড়তে চাই। আমি আসলে ৫০ বছর বয়স পর্যন্ত খেলতে চাই।’
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সি ছিলেন ইংল্যান্ডের উইলফ্রেড রোডস। তিনি ৫২ বছর ১৫৬ দিন বয়সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ক্যারিয়ারের শেষ টেস্ট শুরু করেন। আর সাবিনা পার্কে ঐতিহাসিক সেই টেস্ট যখন শেষ হয়, তখন তার বয়স হয়েছিল ৫২ বছর ১৬৫ দিন।
এ ছাড়া ৫০ বছর বয়স পর্যন্ত টেস্ট খেলেছেন বার্ট ইরোনমঙ্গার, ডব্লিউজি গ্রাস ও জর্জ গুন।

