নিজস্ব প্রতিবেদক : গণমানুষের স্বপ্ন ছিল কার্যকর গণতন্ত্র, সুশাসন ও অর্থনৈতিক মুক্তি। আর এসব বাস্তবায়ন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মুক্তি সংগ্রামের চেতনায় রাষ্ট্র নির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী পার্টি (ন্যাপ) ভাসানী ও গণসংগ্রাম পার্টি।
গণসংগ্রাম পার্টির আহ্বায়ক মোহাম্মদ মাসুম বলেন, ‘ব্রিটিশ শাসনের বিলুপ্তির পর থেকে স্বাধীনতা যুদ্ধের বিজয় পর্যন্ত গণমানুষের গণতান্ত্রিক সংগ্রাম ও রক্তক্ষয়ী যুদ্ধের ফল স্বাধীন বাংলাদেশ। এ দীর্ঘ সময়ে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে কখনো শেরেবাংলা এ কে ফজলুল হক, মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং চূড়ান্ত পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিব নেতৃত্ব দিয়েছেন। ফলে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। আর গণমানুষের স্বপ্ন ছিল কার্যকর গণতন্ত্র, সুশাসন ও অর্থনৈতিক মুক্তি। আর এসব বাস্তবায়ন করেছিলেন বঙ্গবন্ধু।’
মুক্তিযুদ্ধের সংগঠক কাজী মাসুম আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু জীবন দিয়ে প্রমাণ করেছেন তিনি বাঙালি ও বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। পৃথিবীর সব দেশেই সরকার ও বিরোধী দল একসঙ্গে জাতির পিতার প্রতি সম্মান জানায়। কিন্তু একমাত্র বাংলাদেশে এর ব্যতিক্রম, যেখানে জাতির পিতাকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়।’
জাতীয় শোক দিবসে জন্মদিন পালন না করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সভা থেকে ধন্যবাদ জানানো হয়।
এ সময় আরো বক্তব্য রাখেন গণফোরাম নেতা শফিউর রহমান খান বাচ্চু, আইনজীবী এম এম আনোয়ার হোসেন, বাংলাদেশ তফসিল জাতীয় ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি দুলালা সাহা প্রমুখ।

